ঢাকার রায়েরবাজারে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার আগে ফোন করে ডেকে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর আশেপাশের সিসিটিভি ভিডিওতে অভিযুক্ত যুবকের সঙ্গে ওই কিশোরীকে একসঙ্গে হাঁটতে ও স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেছে।
গ্রেপ্তারের পর অভিযুক্ত যুবক সিয়াম তাদের মধ্যে ‘প্রেমঘটিত বিরোধের’ কথা বলেছে। তবে পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণে পুলিশ বলছে, তাদের মধ্যে ‘প্রেম না থাকলেও ভালো সম্পর্ক ছিল’।
এই স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের বিষয়ে জানাতে বৃহস্পতিবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেছেন, “দ্রুততম সময়ের মধ্যে আমরা ঘাতক সিয়ামকে শনাক্ত করে গ্রেপ্তার করেছি।”