ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির। তার দাবি, হাসপাতালের লাইসেন্স নয়, বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী ডা. শেখ মহিউদ্দীনকে।
তবে শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির ফেসবুকে কিছু নথির ছবি প্রকাশ করে দাবি করেন, হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি। তার মতে, শুধু প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও প্রশ্ন তোলেন, এটি অবহেলা নাকি পরিকল্পিত সিদ্ধান্ত—তা নিয়েও বিতর্ক রয়েছে।
শিশির মনির জানান, দুটি পৃথক লাইসেন্স রয়েছে—একটি হাসপাতাল পরিচালনার জন্য এবং অন্যটি প্যাথলজি সেন্টার পরিচালনার জন্য। তার দাবি অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশ ও সিদ্ধান্তে প্যাথলজি সেন্টারের লাইসেন্সের কথাই উল্লেখ ছিল।
উল্লেখ্য, গত ২৭ মে মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানায়। এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় এবং পরে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।