নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার সম্ভব। যদি এখন এটি না করা যায়, তবে আর কখনোই হবে না। গত শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ বিষয়ক সংলাপের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “সংবিধানের দোহাই দিয়ে সংস্কার না করলে তা শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে।” পাশাপাশি জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব দেন এবং রাজনৈতিক দলের চাঁদাবাজি বন্ধে ‘পলিটিক্যাল পার্টি অ্যাক্ট’ প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।