শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

শতকোটির অ্যাডহক নিয়োগ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ক্ষমতায় আসার এক বছরের মাথায় দলীয় চিকিৎসকদের পুনর্বাসনে নামে বিগত আওয়ামী লীগ সরকার। ২০১০ ও ২০১১ সালে দুই ধাপে ৪ হাজার ১৩৭ জন চিকিৎসককে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং স্বাচিপ-অধ্যুষিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

এই নিয়োগ দিতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম শ্রেণির (নন-ক্যাডার মেডিকেল) কর্মকর্তা নিয়োগ বিধিমালা, ২০১০ প্রণয়ন করে। ১৯৯৪ সালের নিয়োগ-সংক্রান্ত বিধিমালায় বলা ছিল, ওই বছরের পর আর অ্যাডহক চিকিৎসক নিয়োগ দেওয়া যাবে না।

তখন স্বাচিপের তালিকার চিকিৎসকরাই ‘লিস্টার’ পরীক্ষায় বসেন ও উত্তীর্ণ হন। বিএমএ ও স্বাচিপের চার শীর্ষ নেতা নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন। মূলত তাদের তালিকার চিকিৎসকরাই পরীক্ষা দেন, পাস করেন ও চাকরি পান। ওই চারজন খুবই প্রভাবশালী ছিলেন।

নিয়োগ পাওয়া অ্যাডহক চিকিৎসকদের ৪০ শতাংশ ছিলেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ নেতাকর্মী। বাকি ৬০ শতাংশ ছিলেন বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসক। দলীয় চিকিৎসকদের বাইরে নিয়োগ দিতে গিয়ে চিকিৎসকপ্রতি ২-৫ লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৭ লাখ টাকা পর্যন্ত নেন। ওই দুই বছরে অ্যাডহক চিকিৎসক নিয়োগ থেকে বিএমএ ও স্বাচিপ নেতারা শতকোটি টাকা কামিয়েছেন।

স্বাচিপের সেই সময়ের কয়েকজন চিকিৎসক নেতা ও অ্যাডহকে নিয়োগ পাওয়া কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে এবং অন্তর্বর্তী সরকারের বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের কাছে জমা পড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় তীব্র অনিয়ম ও দুর্নীতি’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে মন্ত্রিপরিষদ সচিব ও প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির চেয়ারম্যানের কাছেও এ অভিযোগ জমা দেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক কর্মকর্তারা। প্রতিবেদনে ২০১৪ সালের ২৩ অক্টোবর থেকে সর্বশেষ গত ১০ আগস্ট পর্যন্ত স্বাস্থ্য খাতের সরকারি চিকিৎসকদের নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে অনিয়মের কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সে সময়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সময় বিসিএস পরীক্ষায় অনুত্তীর্ণ ও কোথায় চাকরি হচ্ছিল না এমন দলীয় চিকিৎসকদের জন্যই অ্যাডহক নিয়োগের আয়োজন করেছিল তৎকালীন সরকার। এটি দলীয় চিকিৎসকদের রাজনৈতিক পুনর্বাসনের একটি উদ্যোগ। এসব অ্যাডহক চিকিৎসকের চাকরি স্থায়ীকরণ, পদায়ন ও পদোন্নতি দিতে গিয়ে গত ১৫ বছরে স্বাস্থ্য খাতে চরম অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলা হয়েছে। আর বিসিএস স্বাস্থ্য ক্যাডাররা সেসব থেকে বঞ্চিত হয়েছেন।

স্বাচিপের তৎকালীন মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান গত বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, ‘এ নিয়োগে সরকার একটা কমিটি করে দিয়েছিল। সেই কমিটি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পিএসসি লিখিত এবং মৌখিক পরীক্ষা নিয়েছে। তারাই নির্বাচন করেছে। স্বাচিপ সব করেছে, এটা আমার জানা নেই।’ এ ব্যাপারে কথা বলার জন্য স্বাচিপের অন্য তিন নেতাকে পাওয়া যায়নি।

অ্যাডহক নিয়োগের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন প্রথমে ডা. শাহ মনির হোসেন ও পরে অধ্যাপক ডা. খন্দকার মো. শেফায়েত উল্লাহ। ডা. শেফায়েত উল্লাহ ২০২৩ সালের ২৯ অক্টোবর মারা গেছেন। ডা. শাহ মনির হোসেনকে গত শুক্রবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

নিয়ন্ত্রণে স্বাচিপের চার শীর্ষ নেতা : অ্যাডহক চিকিৎসক নিয়োগ-বাণিজ্যের সঙ্গে তৎকালীন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এবং বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ডা. আবদুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাচিপের একাধিক নেতা দেশ রূপান্তরকে জানিয়েছেন, অ্যাডহক চিকিৎসক নিয়োগে সবচেয়ে বেশি খেটেছেন ডা. ইকবাল আর্সলান। অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালককে বদলি থেকে শুরু করে বাছাই পর্যন্ত সবই করেছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাডহক নিয়োগ-বাণিজ্যের শীর্ষে ছিলেন ডা. ইকবাল আর্সলান; সর্বনিম্ন দেড়শ-জনকে নিয়োগ দিয়েছেন ডা. শারফুদ্দিন আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় সারিতে ছিলেন ডা. আবদুল আজিজ ও ডা. উত্তম কুমার বড়ুয়া। ডা. আজিজ নিয়োগ দিয়েছেন ময়মনসিংহ অঞ্চলের চিকিৎসকদের।

আলোচিত-সমালোচিত ২৪ চিকিৎসক : জানা গেছে, সে সময় আওয়ামী লীগের দলীয় যেসব অ্যাডহক চিকিৎসক নিয়োগ পেয়েছেন, তাদের শীর্ষ ২৪ কর্মকর্তা এখন স্বাস্থ্য অধিদপ্তরসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তারা যেমন নিজেরা অবৈধভাবে সিনিয়র স্কেলে পদায়ন নিয়েছেন, তেমনি স্বাস্থ্য খাতের নানা অনিয়মে জড়িত ছিলেন।

তাদের মধ্যে ডা. হাসান ইমাম ইমু শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সহকারী পরিচালক ও সহযোগী অধ্যাপক ছিলেন। দুর্নীতির অভিযোগে গত ২ সেপ্টেম্বর তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে নামিয়ে রংপুর মেডিকেল কলেজে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের খুবই ঘনিষ্ঠ ছিলেন।

ডা. নন্দলাল সূত্রধর ছিলেন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের পুষ্টি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম)। বিধি অনুযায়ী কোনো অ্যাডহক চিকিৎসকের ডিপিএম পদে পদায়ন পাওয়ার কথা নয়। প্রভাব খাটিয়ে তিনিসহ আরও কয়েকজন ডিপিএম পদে পদায়ন নিয়েছেন। গত ১১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম যে শতাধিক অ্যাডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকের অবৈধ পদায়ন এবং পদোন্নতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন, সেই প্রজ্ঞাপন বাতিলের জন্য এই কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট চিকিৎসকদের একটি দল মহাপরিচালককে ঘেরাও করে এবং মহাপরিচালককে প্রজ্ঞাপন স্থগিত করতে বাধ্য করেন।

ডা. শরীফ বুলবুল ছিলেন সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী। এখন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাচিপের মহাসচিব।

ডা. নবিউল সোহেল স্বাস্থ্য অধিদপ্তরের আরেক ডিপিএম। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আওয়ামী লীগের সর্বশেষ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের ডিপিএম হিসেবে যোগ দেন তিনি। অভিযোগ আছে, অধিদপ্তরে অবৈধ পদায়ন ও পদোন্নতির জন্য অর্থ লেনদেনকারীদের একজন তিনি। ঢাকা, সিলেট ও রংপুর অঞ্চলের পদোন্নতি ও পদায়ন-বাণিজ্য দেখভাল করেন। ডা. দেওয়ান মেহেদী হাসান তমাল রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার ডিপিএম।

ডা. মাহমুদুল হাসান শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগ করা শেষ মহাপরিচালকের ঘনিষ্ঠজন। তার বিরুদ্ধেও অধিদপ্তরের অবৈধ পদায়ন ও পদোন্নতি-বাণিজ্যের অভিযোগ রয়েছে।

ডা. বেনু লাল বণিক প্রায় ১০ বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তরের গোপনীয় শাখায় কাজ করছেন। সব ধরনের অবৈধ কাগজ তৈরির মাস্টার হিসেবে পরিচিত তিনি।

ডা. আশরাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত। তার বড় ভাই এনামুল হক আওয়ামী লীগের সাবেক এমপি ও মেজো ভাই মেজর জেনারেল আমিনুল হক স্বপন আনসারের সাবেক ডিজি। আওয়ামী লীগের সরকারের সময় তার বিরুদ্ধে হৃদরোগ হাসপাতালে নানা ধরনের অনিয়ম ও কার্ডিয়াক চিকিৎসা-বাণিজ্যের অভিযোগ রয়েছে।

ডা. জাহিদুল ইসলাম প্রায় ১০ বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের ডিপিএম। তার বিরুদ্ধে অধিদপ্তরের কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগ আছে।

ডা. গাজী আহমদ হাসান তুহিন তেজগাঁও থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ডা. নোবেল বড়ুয়া কক্সবাজার, ডা. নুরুদ্দিন রাশেদ চট্টগ্রাম ও ডা. সায়েমুল হুদা সাভারের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

ডা. সায়েমা আফরোজ নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর স্ত্রী।

ডা. নুসায়ের চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের ডিপিএম। অধিদপ্তরের বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন যখন লাইন ডিরেক্টর ছিলেন, তখন তিনি নানা অনিয়মের সহযোগী ছিলেন।

ডা. মেহেদী মুবিন আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গমাতা সেলুলার প্রকল্পে ঢোকেন। এ ছাড়া ডা. মুরাদ খান, ডা. নুরুল হুদা খান, ডা. রোকনুজ্জামান রোমেল, ডা. আদনান খান, ডা. প্রণব কুমার মোদক ও ডা. ওয়াজেদ চৌধুরী অভি সেই সময়ে অ্যাডহকে নিয়োগ পাওয়া স্বাস্থ্য কর্মকর্তা।

তালিকায় ৩ কলেজ, একটা থেকেই ২০০ জন : অ্যাডহকে নিয়োগ পাওয়া সে সময়ের তালিকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সর্বোচ্চসংখ্যক চিকিৎসক নিয়োগের তথ্য জানা গেছে। এর মধ্যে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এক তালিকায় ২০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে জনপ্রতি ২-৫ লাখ টাকা, কারও কারও ক্ষেত্রে ৭ লাখ টাকা নেওয়া হয়েছে বলে শোনা গেছে।

সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে এক তালিকায় ৫০ জন ও ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ থেকে এক তালিকায় ৪০ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD