শীতকালীন সবজির উৎপাদন বাড়লেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। ঠাকুরগাঁওয়ে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ১০ টাকায়, বাঁধাকপি ৭ থেকে ৮ টাকায়। আর বেগুন বিক্রি হচ্ছে ৪ টাকা কেজি, অন্যদিকে মুলা মাত্র ২ টাকা কেজি। একই পরিস্থিতি চুয়াডাঙ্গাতেও।
ন্যায্য দাম প্রসঙ্গে চাষিরা বলেন, ‘কয়েক দিন আগেও পণ্যটি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু আজ প্রায় এক সপ্তাহ ধরে কেজিপ্রতি ১০ টাকা দরে বিক্রি করছি। চাষিরা অনেক আশা নিয়ে ফসল ফলান। নানা আশা নিয়ে চাষাবাদ করলেও শেষ পর্যন্ত আমরা ন্যায্য দাম পাচ্ছি না।’
জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ অনেক বেড়েছে। অথচ ফসল বিক্রি করে সেই খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। ঋণ পরিশোধ আর পরবর্তী মৌসুমের চাষাবাদ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
চাষিরা অভিযোগ করে আরও বলেন, ‘ব্যবসায়ীরা প্রতি কেজিতে ৫০ থেকে ৬০ টাকা লাভ করছেন। কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। আমরা তো এভাবে লোকসানের মুখে পড়ে শেষ হয়ে যাচ্ছি। প্রায় দুই লাখ টাকা খরচ করে সর্বোচ্চ ৭০ থেকে ৮০ হাজার টাকার ফসল বিক্রি করতে পারছি। বাকি টাকাটা লোকসান হচ্ছে।’
এদিকে কৃষকরা দাম না পেলেও প্রতিটি হাতবদলেই বাড়ছে সবজির দাম। পরিবহন ও অন্যান্য খরচের অজুহাতে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বাজারগুলোতে।
এদিকে বিক্রেতারা জানান, ‘পাতাকপি ৩০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি, শিম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেলের দাম বাড়ার কারণে আমাদের সবজি পরিবহনের খরচ অনেক বেড়েছে। সবচেয়ে বেশি লাভ করছেন ব্যবসায়ীরা, যারা সবজি ঢাকায় নিয়ে যাচ্ছেন। তাঁরা পাঁচ থেকে ছয় টাকা পিস দরে কিনে ঢাকায় বেশি দামে বিক্রি করছেন।’
কৃষকদের লোকসান প্রসঙ্গে ঠাকুরগাঁও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, জেলার বাইরে সবজি সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, ‘বিশেষ করে ঢাকার আশপাশের জেলাগুলোর কথা বলা যায়। আগের বছরগুলোতে সেখানে বন্যা হতো এবং পানি জমে থাকত। ফলে কৃষকেরা সবজি আবাদ করতে পারতেন না। তখন আমাদের উৎপাদিত সবজির চাহিদা থাকত। কিন্তু এবার সেই পরিস্থিতি নেই। কোথাও বন্যা হয়নি। এ কারণে আমাদের উৎপাদিত সবজির চাহিদা তৈরি হচ্ছে না এবং সেগুলো বাইরের জেলাগুলোতেও যাচ্ছে না।’
অন্যদিকে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নজরদারির আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
অভিযানের হুঁশিয়ারি দিয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, ‘মাঝখানে যারা সিন্ডিকেট করে পণ্য বিক্রি করছে, তারাই এই পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা তাদের সতর্ক করছি। পাশাপাশি, প্রশাসনের মাধ্যমে তারা যাতে সিন্ডিকেট গড়ে তুলতে না পারে, সে বিষয়ে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।’
কৃষক থেকে ভোক্তা—এর মাঝে পণ্যের দামের যে অস্বাভাবিক বৃদ্ধি, তা ঠেকাতে নজরদারি বাড়ানোর দাবি।