শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বিশ্ববাজারে তেলের দামে বড় ধস, এক দিনেই কমল ১০ শতাংশের বেশি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা এগোচ্ছে—এমন প্রত্যাশায় মধ্যপ্রাচ্য ঘিরে সরবরাহ সংকটের শঙ্কা কমে যাওয়ায় এক দিনের ব্যবধানে তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে।

সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে এ দরপতন ঘটে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৮৮ দশমিক ৬০ মার্কিন ডলারে নেমে আসে। আগের দিনের ৯১ দশমিক ৬৮ ডলার থেকে এটি প্রায় ১০ দশমিক ৪ শতাংশ কমেছে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও প্রায় ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩৫ মার্কিন ডলারে দাঁড়ায়।

গত সপ্তাহে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। এর প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল ১০০ মার্কিন ডলারে পৌঁছে যায়।

তবে প্রায় দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং তেলের দাম কমতে শুরু করে।

সোমবার ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযান পুনরায় শুরু হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা পাল্টা সামরিক অভিযান স্থগিত রেখেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।

এদিকে কাজাখস্তানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ রুট রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল পরিবহন শুরু হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বস্তিদায়ক হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে বাজারে পুরোপুরি স্বস্তি ফিরেনি। কারণ ইয়েমেনের হুতি গোষ্ঠী সম্প্রতি সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর জিজান ও ইয়ানবু অঞ্চলের স্থাপনাগুলোতে হামলার দাবি করেছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো বিনিয়োগকারীদের নজরে রয়েছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD