গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে মোট ৮৮ শিশু চিকিৎসাধীন রয়েছে। দুই শিশুকে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গত ১৭ মার্চ থেকে ১৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫১৫ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩১ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৪১৪ শিশু। সেখানে মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে।”
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সব শিশুদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।