মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহ পরিণতির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকস-এর শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
এছাড়াও চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অসংখ্য নিরীহ ফিলিস্তিনির মৃত্যুতে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ব্রিকস ইসরাইল-ফিলিস্তিন সংঘাত ও ফিলিস্তিনে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে মঙ্গলবার একটি ভিডিও সম্মেলনের ডাক দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ সম্মেলনের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত ব্রিকস-এর এই বিশেষ শীর্ষ সম্মেলনে মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে যোগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় তিনি হাজার হাজার মানুষের মৃত্যু, বেসামরিক নাগরিকদের তাদের বাড়িঘর থেকে ব্যাপকভাবে বিতাড়ন সহ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
প্রেসিডেন্ট পুতিন দিরাষ্ট্রনীতির উপর জোর দিয়ে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনকে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সিদ্ধান্তকে নস্যাৎ করার কারণে ফিলিস্তিনিরা অবিচারের শিকার হচ্ছে এবং ইসরায়েল পুরোপুরি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। সূত্র: দ্য গার্ডিয়ান।