জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল প্রস্তুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি পেট্রোলবোঝাই লরি জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে দোকান থেকে পাউডার রং, অকটেন ও পেট্রোলের নমুনা জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার রাবেয়া স্কুলসংলগ্ন নাংলা সড়কের হাসি খুশি এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, পেট্রোলে রং মিশিয়ে অকটেন হিসেবে বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় তেল ব্যবসায়ী মো. আইয়ুবের দোকানের সামনে থাকা পেট্রোলবোঝাই লরিটি জব্দ করে মেলান্দহ থানায় নিয়ে রাখা হয়।
অভিযানে দোকান থেকে পাউডার রং, অকটেন ও পেট্রোলের নমুনাও জব্দ করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা পরীক্ষাগারের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। জব্দ করা লরির কাগজপত্র যাচাই-বাছাই ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, অভিযানের সময় সংশ্লিষ্টরা লরিতে থাকা জ্বালানির বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি। মালিককে উপস্থিত হতে বলা হলেও তিনি আসেননি।
তিনি আরও জানান, জব্দ করা পাউডার রং, অকটেন ও পেট্রোল পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষায় জ্বালানিতে ভেজাল বা অনিয়মের প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মালিক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে জব্দ করা জ্বালানি আইন অনুযায়ী খোলা বাজারে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।