বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে বুধবার (১ জুলাই) সারাদেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, বিপিসির আওতাধীন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপোতে বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব তেল ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনায় বুধবার জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বিমান চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য জেট-এ১ জ্বালানি তেল সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট ডিপোগুলোকে দ্রুততম সময়ে মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিপিসির এ নির্দেশনার অনুলিপি যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।