রাজধানীর উত্তরখানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আলী হোসেন (৫০) মারা গেছেন। দুর্ঘটনার একদিন পর রোববার (৭ জুন) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলী হোসেনের শরীরের প্রায় ১০০ শতাংশ অংশ দগ্ধ হয়েছিল। এছাড়া শ্বাসনালীতেও গুরুতর দাহজনিত ক্ষতি হয়েছিল। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: পুশইন চেষ্টা: পাটগ্রাম সীমান্তে বিএসএফকে ধাওয়া দিলো এলাকাবাসী
এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হন।
দগ্ধরা হলেন—আলী হোসেন, তার স্ত্রী হাসনা হেনা (৪০) এবং মেয়ে আঁখি আক্তার (৩০)। বিস্ফোরণের পর তাদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসনা হেনার শরীরের ৬০ শতাংশ এবং আঁখি আক্তারের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা দুজনই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন