সরকারি হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শয্যাসংকটের অজুহাতে কোনো হাম রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না।
স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তবে নির্দেশনাটি মূলত গত ২১ এপ্রিল জারি করা হয়েছিল।
নির্দেশনা অনুযায়ী, হাসপাতালে আসা হাম বা হাম-সংশ্লিষ্ট উপসর্গ থাকা রোগীদের শয্যা খালি না থাকলেও ভর্তি নিতে হবে। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে চিকিৎসা নিশ্চিত করতে হবে।
তবে রোগীর অবস্থা জটিল হলে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে রেফার করা যাবে। এক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালের রেফারাল চেইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, কোনো হাসপাতাল এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে এর দায় বহন করতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। দ্রুত সব সরকারি হাসপাতালে এই নির্দেশনা কার্যকর করার জন্য বলা হয়েছে।