ময়মনসিংহ সদর-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এর ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। অপরদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যক্ষ মতিউর রহমান এর চাচাতো ভাই জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকার। সম্পর্কে দুজন চাচা ভাতিজা।
আবু মূসা সরকার প্রতিবেদকের কাছে জানান, আমি শান্ত চাচা ভাতিজা। আমরা রক্তের সম্পর্কে আবদ্ধ। আমাদের একই বাড়ির। ও ( ভাতিজা শান্ত আওয়ামী লীগ প্রার্থী) আমার কতটুকু হৃদয় জুড়ে আপনাকে ভাষায় বলতে পারবো না। ওকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছে, আমাকে জাতীয় পার্টি থেকে, আমি আশা করি সৌহার্দ্য পূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি ওর মঙ্গল কামনা করছি। আমি সদর বাসীর কাছে দোয়া চাই, তারা যেন তাদের সেবা করার সুযোগ দিয়ে আমাকে ঋণী করে রাখেন।
সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ফাঁকা রাখা ময়মনসিংহ-৪ সদর আসনে প্রার্থী ময়মনসিংহ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকার। এ প্রসঙ্গে সদরের ভোটার নূরুল ইসলাম বলেন, আমরা সদরবাসী বলে বোঝাতে পারবো না, কেমন অনুভূতি হচ্ছে। বিগত সময়ে কখনো রওশন এরশাদকে আমরা কোন অনুষ্ঠানে উনাকে পাইনি। শুধু জানি, সংসদের বিরোধী দলীয় নেতা, এবং নিঃসন্দেহে জাতীয় নেতা। তবে আমরা যদি আমাদের চাওয়া পাওয়া নাই বলতে পারি, তাহলে বড়ো নেতা দিয়ে কি করবো বলেন? তার (রওশ এরশাদ) আসনটিতে চাচা ভাতিজার ( শান্ত-মূসা) নির্বাচনী লড়াই দেখতে আমরা মুখিয়ে আছি। আশা করি এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।
মহল্লা সূত্রে জানা গেছ, তাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশ বিরাজমান বংশপরম্পরায়।
উল্লেখ্য গতকাল(২৯ নভেম্বর) ময়মনসিংহ-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মুসা সরকার। জাপার চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সচিব দেলোয়ার জালালী এই তথ্য নিশ্চিত করেছেন।