নাম জানা-না জানা নেতাদের ভুয়া নির্বাচনের সার্কাসে যোগদান করানোর মাধ্যমে আওয়ামী লীগ আবার নতুন করে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঈন খান বলেন, ‘আজ বাংলাদেশের রাজনীতির এই সঙ্গিন মুহূর্তে একের পর এক নতুন পরিস্থিতির সৃষ্টি করছে একদলীয় সরকার। একদিকে আমরা দেখলাম বিএনপি’র মহাসচিবের বেইল পিটিশন বারবার গড়িমসির পরে আবার প্রত্যাখ্যান করা হয়েছে। এর অর্ধ হচ্ছে এই যে, আওয়ামী সরকার সংঘাতের রাজনীতি ব্যতিরেকে অন্য কোন রকম শান্তিপূর্ণ সমাধানের রাজনীতিতে বিশ্বাসী নয়। যেন তেন প্রকারে নির্বাচনের নাটক করে একদলীয় শাসন ভবিষ্যতেও চালিয়ে যাওয়াই তাদের একমাত্র অভীষ্ট।’
বিএনপির সঙ্গে চলমান আন্দোলন ত্যাগ করে কিছু রাজনীতিকের সরকারী আওয়ামী জোটে যোগ দিয়ে আগামী সংসদ নির্বাচনে যোগদানের প্রসঙ্গে মঈন খান বলেন, ‘এ ঘটনায় এদেশের রাজনীতির পুরোনো একটি কথা মনে পড়ছে। জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজ এ বিগার জিরো’-আওয়ামী লীগের বেলায়ও আজ আবার নতুন করে এটা প্রতীয়মান হচ্ছে ‘
তিনি বলেন, ‘‘হর্স ট্রেডিং’ করে বিভিন্ন দলের নাম জানা-না জানা নেতাদের ভুয়া নির্বাচনের সার্কাসে যোগদান করানোর মাধ্যমে আওয়ামী লীগ আবার নতুন করে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করেছে। শুধু তাই নয়, এটা এখন একদম স্পষ্ট যে সুষ্ঠু, নিরপক্ষে ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে তাদের যে আর জয়ী হবার কোন সম্ভাবনাই নেই সেটা আজ জনগণের কাছে তারা নিজেরাই তাদের এই মরিয়া কার্যকলাপে নিশ্চিত করে দিয়েছে।’’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারের সাম্প্রতিক একতরফাভাবে নির্বাচনের সিডিউল ঘোষণা থেকে শুরু করে সরকারী প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগকে অপব্যবহার করে যেভাবে বিগত প্রায় চার সপ্তাহ ধরে সারাদেশব্যাপী অন্যান্য সকল রাজনৈতিক দল বাদ দিয়ে এককভাবে বিএনপির নেতাকর্মীদের বাড়ীঘরে রেইড করে ও পুরোনো ভূয়ো মামলায় বিএনপির নেতাকর্মীদের সাজা প্রদান করে নির্বাচনের অযোগ্য করে দিচ্ছে, তাতে এটা আর লুকোনোর কিছু নেই যে, সরকার এদেশ থেকে বিএনপির উদার গণতান্ত্রিক রাজনীতি নিশ্চিহ্ন করে দিয়ে বাকশাল কায়েম করতে চায়। তবে বাংলাদেশের আজকের বাস্তবতা হচ্ছে এই যে, জনগণ বিএনপিকে অন্তর থেকে গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের গণতন্ত্র ও মানবাধিকার হরণ তথা দুর্নীতিপূর্ণ অপশাসনের চিরতরে অবসান চায়।’