অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে রূপান্তরের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।খেলা খবর
অর্থমন্ত্রী বলেন, ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায়, দুর্বল রাজস্ব আহরণ এবং সীমিত আর্থিক সক্ষমতা বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে সরকারের নেয়া প্রতিটি ঋণ যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনকল্যাণে কার্যকর অবদান রাখে, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা শুধু আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করা নয়, বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে সেখানে অর্থায়নের সুযোগ কাজে লাগানো।’
আমির খসরু বলেন, সরকার প্রচলিত অর্থায়নের পাশাপাশি সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সসহ উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে।
তিনি বলেন, একটি দেশের সার্বভৌম ঋণ গ্রহণের সাফল্য কত অর্থ ঋণ নেয়া হয়েছে, তার ওপর নির্ভর করে না; বরং ওই অর্থ কতটা কার্যকরভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে অবদান রাখছে, সেটিই এর প্রকৃত মাপকাঠি।