মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় এ বছর চরম গ্যাস সংকটে ভুগেছে বাংলাদেশ। কাতার-ওমানের দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি সরবরাহ বন্ধ করে দেয়ায় সরকারকে ঝুঁকতে হয়েছে খোলাবাজারের দিকে। ফলে এলএনজি আমদানির পেছনে চলতি অর্থবছরে যে ভর্তুকি রেখেছিল সরকার, তা খরচ হয়ে গেছে প্রথম ৩ মাসেই।
স্বাভাবিক চাহিদা অনুযায়ী আগামী ২০২৭ সালে ১১৫ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা সরকারের। এর মধ্যে দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ১০৩ কার্গো। যার ৪০ কার্গোই আসার কথা কাতার থেকে। অপরদিকে ওমান থেকে এলএনজি সরবরাহ এখনো অনিশ্চিত। এছাড়া সংকট মেটাতে আরও একাধিক উৎসের খোঁজে পেট্রোবাংলা।
বাড়তি দামে এলএনজি আমদানি আরও সংকটে ফেলতে পারে বাংলাদেশকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।খেলা খবর
এ বিষয়ে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন,‘প্রতি ঘনমিটার এলএনজির দাম ৮০ টাকার ওপরে উঠলে এই দামের গ্যাস দিয়ে বাসাবাড়ির কোনো গ্রাহক বা ভোক্তার পক্ষে গ্যাস ব্যবহার করা সম্ভব হবে না। এমনকি শিল্পকারখানাও চালানো যাবে না। ক্যাপটিভ জেনারেটর চালানো সম্ভব হবে না, বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হবে। কোনো কারখানার বয়লারও চালানো যাবে না।’
আবহাওয়ার কারণে সামনের কয়েক মাস আন্তর্জাতিক বাজারে বাড়বে এলএনজির চাহিদা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের এলএনজিও আগামীতে অনিশ্চিত। তাই নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানোর পাশাপাশি এলএনজির বিকল্প উৎস সন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের।
এদিকে এমআইএসটির অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন,‘ইউরোপে দাম বাড়লে গতবারের মতো এলএনজির দাম প্রতি ইউনিট ৪০ থেকে ৫০ ডলারে পৌঁছে যেতে পারে। তখন এক কার্গো এলএনজির দাম ২ হাজার কোটি, আড়াই হাজার কোটি, এমনকি ৩ হাজার কোটি টাকাও হয়ে যেতে পারে। ওমান, কাতার ও অ্যাক্সিলারেটেড এনার্জির সঙ্গে আমাদের যে জিটুজি চুক্তি ছিল, সেগুলোর মূল্য নির্ধারণ করা হতো ব্রেন্টের দামের ১০ শতাংশের সঙ্গে ০.৫ ডলার যোগ করে। সে হিসাবে দাম পড়ত ৮ থেকে ৯ ডলার। কিন্তু এখন জিটুজি চুক্তি করলেও তারা জেকেএম প্রাইস ইনডেক্স অনুসরণ করছে। বর্তমানে জেকেএমের দাম ১৯ ডলার। জেকেএমের দাম ৫০ ডলার হলেও সেই দামেই এলএনজি কিনতে হবে।’
ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।