প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কেউ দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। আর প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হতে হবে।ব্যাংকিং সেবা
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহমদ ও ফাইয়াসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ জনের মৃত্যুর প্রসঙ্গেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে ও অনেক মামলায় সাজা হয়েছে। তাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে বিচারের আওতায় আনতে হবে। যে বিচারিক প্রক্রিয়া চলছে, তার মুখোমুখি হতে হবে এবং যে দণ্ড দেওয়া হয়েছে, তা ভোগ করতে হবে।
এসময় দেশে যাতে আর কোনো অত্যাচারী ফ্যাসিস্টের জন্ম না হয়, সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে ৭ই নভেম্বরের চেতনা প্রেরণা জুগিয়েছে। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলনে সক্রিয় হতে মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।