বাজারে বাড়ছে শীত মৌসুমের সবজির সরবরাহ। আর এর প্রভাব পড়তে শুরু করেছে দামে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজারে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে শিম। মুলার দাম নেমে এসেছে ৩৫ থেকে ৪০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি মিলছে ২০ থেকে ৪০ টাকায়। তবে, শীতের নতুন আলু ও কাঁচা টমেটোর দাম এখনো চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। অন্যান্য শীতের সবজির বেশিরভাগই রয়েছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। অন্যদিকে, করলা ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
এ বিষয়ে এক বিক্রেতা বলেন, ‘গরমের যেসব সবজি রয়েছে, সেগুলোর দাম বাড়ছে। অন্যদিকে, শীতের সবজিগুলোর দাম প্রতিদিন কমছে। বর্তমানে প্রতি কেজি মুলার দাম ৪০ টাকা, শসার দাম ৬০ টাকা এবং প্রতি পিস লাউয়ের দাম ৬০ টাকা। প্রতি হালি লেবুর দাম ৩০ থেকে ৪০ টাকা। শিম ও বেগুনের দাম আরও কমবে। মুলার কেজিপ্রতি দামও আমি কমিয়ে দেব।’
সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ-মাংসের দামে নেই কোনো পরিবর্তন। ফলে নিম্ন ও মধ্যবিত্তের নিত্যদিনের বাজার খরচে চাপ রয়েই গেছে। মাছের বাজারে চাষ করা মাছ বিক্রি হচ্ছে ২৫০-৪০০ টাকা পর্যন্ত কেজিতে। আর নদীর মাছের কেজি ৫০০-১০০ টাকা পর্যন্ত। বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকা কেজিতে। আর ব্রয়লার ১৬০-১৮০ টাকা কেজি।
মাছ-মাংসের দাম প্রসঙ্গে এক ক্রেতা বলেন, ‘মাছ-মাংসের দাম সব সময়ই ঊর্ধ্বমুখী। ইলিশ মাছের কথা বললে, আমরা সাধারণ মানুষ তা কিনতেই পারি না। মাংসের দামও বেশি, মুরগির দামও বেশি। তবে বর্তমানে সবজির দাম তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।’
ক্রেতাদের অভিযোগ, মাঠপর্যায়ে কৃষক সবজির ন্যায্য দাম পাচ্ছেন না। অথচ কয়েক হাত বদলে সেই সবজিই ভোক্তাকে কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার তদারকি বাড়ানোর দাবি তাদের।
তারা আরও বলেন, ‘আমরা কীভাবে লাভ করব, সেটাই আমাদের মূল চিন্তা। কিন্তু কে কিনতে পারবেন আর কে পারবেন না, সে বিষয়ে ভাবার প্রয়োজন মনে করেন না তারা। ক্রেতার কাছে টাকা আছে কি না, সেটিও তারা বিবেচনা করেন না। এতে স্বল্প আয়ের মানুষের জন্য কেনাকাটা কিছুটা কষ্টকর হয়ে পড়ে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা উচিত। সব মানুষের কথা বিবেচনা করেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’
শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করলেও বাজারে এখনও পুরোপুরি স্বস্তি নেই। তাই কৃষক যেন ন্যায্য দাম পান, আর ভোক্তাও যেন সাশ্রয়ে পণ্য কিনতে পারেন, এ জন্য কার্যকর বাজার তদারকির প্রত্যাশা ক্রেতাদের।