কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, তবে কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, যারা জামায়াতের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ তুলছেন, তাঁরাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করেছেন।
এর আগে, সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও তিনি ঢাকায় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন বৈঠকের প্রসঙ্গ তোলেন। এসব বৈঠকের সঙ্গে চলমান অস্থিরতার কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার বিষয়ে তিনি একমত। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া রয়েছে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক ২৪ ঘণ্টার সচিব মর্যাদার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে বিষয়টি জামায়াত আগেও চ্যালেঞ্জ করেছে। তখন অভিযোগের প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছিল।
এ ধরনের অভিযোগের জবাবে ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না’ প্রবাদটি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যারা এসব অভিযোগ করছেন, তাঁরাই আত্মগোপনে রয়েছেন। বিষয়টি গোপন নয়, বরং প্রকাশ্য।
বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিনয়ের সঙ্গে বলতে চান, রাষ্ট্রপতিও অতীতে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সব দরজা খুলে দেওয়া হবে এবং সব মামলা তুলে নেওয়া হবে। জামায়াত এ ধরনের কোনো কথা বলেনি বলেও দাবি করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, গত ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলে প্রচার করা হলেও ২২ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। এ বিষয়ে বক্তব্যের ভিডিও এখনো রয়েছে এবং যে কেউ তা যাচাই করতে পারবেন।
এ সময় জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া এক ব্যক্তির সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ওই ব্যক্তি ২৪ ঘণ্টা তাঁদের পেছনে লেগে থাকেন। সন্ধ্যা, রাত, পরদিন সকাল ও দুপুরে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। তাঁকে কোনো বেতন বা মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, এ ধরনের ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে যদি জামায়াতকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগে ইঙ্গিত করা হয়, তাহলে স্পষ্ট করে বলতে চান, তাঁরা কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসেননি। বরং আজ সংসদের ৩০০ সদস্যের সঙ্গে বসবেন।
তিনি অভিযোগ করেন, জামায়াতের বিরুদ্ধে যারা এসব কথা বলছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে নিজেদের দলের অতীত নীতি ভুল ছিল বলে স্বীকার করেছেন। ভবিষ্যতে সেই ভুল আর করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্যদের দিকে অভিযোগের আঙুল তোলার আগে নিজেদের অবস্থান পর্যালোচনার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাই উত্তম হবে।’