১৯৯০ সালের পর থেকে গত ৩৬ বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার ছিল ১৯৯৬ সালে, মাত্র ২৪ দশমিক ৭৭ শতাংশ। দ্বিতীয় সর্বনিম্ন ২০০২ সালে, ২৭ শতাংশ। আর তৃতীয় সর্বনিম্ন ২০০১ সালে, ২৮ দশমিক ৪১ শতাংশ।
আর এবারের পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ৩৬ বছরের হিসাবে দ্বাদশ সর্বনিম্ন। তবে পাসের হারের চেয়েও উদ্বেগজনক অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা। এবার ফেল করেছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী। ১৯৯০ সালের পর এই প্রথম এত বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলো।
ফলাফলের এমন বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ শিক্ষামন্ত্রী। প্রশ্ন হলো, শিক্ষার এই উদ্বেগজনক পরিস্থিতি কি কেবল একটি পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ, নাকি এর শেকড় আরও গভীরে?
তবে এই ফলাফল ‘বিপর্যয়’ নয়, বরং বাস্তবতা, বলছেন শিক্ষাবিদড. এস এম হাফিজুর রহমান । তার মতে, শিক্ষার প্রতিটি স্তরেই জমেছে ঘাটতি।
তিনি বলেন, ‘একটি শিশু যখন মাধ্যমিক পর্যায়ে আসে, তখন সেই শিশুকে নিয়ে মাধ্যমিক পর্যায় সন্তুষ্ট নয়। আবার ইন্টারমিডিয়েট থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসা শিক্ষার্থীদের নিয়েও আমরা সন্তুষ্ট নই। একইভাবে, আমাদের শিক্ষার্থীদের নিয়ে চাকরির বাজারও সন্তুষ্ট নয়।’
এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন দীর্ঘমেয়াদি কৌশল ও শিক্ষা কমিশন গঠনেরও তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা।
এদিকে শিক্ষাবিদ মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘এই ঘাটতিগুলো বা লার্নিং গ্যাপ দূর করা প্রয়োজন। কীভাবে এসব ঘাটতি দূর করা হবে, সে বিষয়ে আমাদের সঠিক কৌশল নির্ধারণ করতে হবে এবং উপযুক্ত পদ্ধতি গ্রহণ করতে হবে। যথাযথ নীতিমালার মাধ্যমে এসব সমস্যা সমাধান করতে হবে।’
অন্যদিকে, সরকারের সংশ্লিষ্টদের দাবি, শিক্ষার বর্তমান সংকট মোকাবিলায় কাজ চলছে।
তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন এবং বিষয়টি চিহ্নিত করে যারা লেখাপড়া করার যোগ্যতা রাখে, তাদের কীভাবে সঠিক ধারায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে কাজ করছে। শিক্ষাদান ও শিখনপ্রক্রিয়াকে আনন্দময় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীবান্ধব করে তুলতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
পরিসংখ্যান বলছে, এবারের ফলাফল কেবল একটি পরীক্ষার বিপর্যয় নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা শিখন ঘাটতিরই বহিঃপ্রকাশ। এখন দেখার বিষয়, এই বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে কতটা কার্যকর উদ্যোগ নিতে পারে সরকার।