চুরি হওয়ার চার দিন পর নাটোর শহরতলীর কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের পাশ থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে ক্যামেরা উদ্ধার করা যায়নি। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে নাটোর সদর থানায় প্রেস বিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর পুলিশ সুপার শরীফুল হক।
পুলিশ সুপার জানান, ৮ অক্টোবর ঘটনার দিন তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে ব্যাগটি দেখতে পান। পরে তিনি ব্যাগটি নিয়ে নওগাঁ চলে যান। নওগাঁয় পৌঁছে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পান। পরে তিনি বিষয়টি তার ছেলে অন্তরকে জানান। এদিকে সংবাদ মাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর ঘটনা জানতে পারেন বাবা অমল সাহা। বিষয়টি তিনি তার ছেলে অন্তরকে জানান। আজ রাতেই অন্তর পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কাপুড়িয়া পট্টি নুর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ল্যাপটপটি উদ্ধারের ঘটনা কিরিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে। এতে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।