নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া পরিচালিত আল-মুমিন সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি মাহবুবুল্লাহ কাসেমী। মানবিক সহায়তা নিয়ে বর্তমানে নেপালে অবস্থান করে দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট হিমবাহ ও পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলি নদী অববাহিকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এতে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। নেপাল পুলিশের সর্বশেষ হিসাবে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৪ জন।
মুফতি মাহবুবুল্লাহ কাসেমী স্থানীয় ওলামায়ে কেরাম ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন চিহ্নিত করছেন। এরই অংশ হিসেবে খাদ্য, বিশুদ্ধ পানি, পোশাক, ত্রিপল ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। গত ৩১ আগস্ট থেকে শুরু হওয়া কার্যক্রমে এ পর্যন্ত প্রায় ৩০০ দুর্গত মানুষের কাছে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন।
এদিকে ত্রাণ কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে নেপালের গোর্খা জেলায় স্থানীয় উলামায়ে কেরাম ও তাবলিগের সাথীদের সঙ্গে বৈঠক করেছেন মুফতি মাহবুবুল্লাহ। বৈঠকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ কার্যক্রমের সমন্বয় এবং ভবিষ্যৎ মানবিক সহায়তার কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে আমাদের সময়ের প্রতিবেদকের কাছে জানান।
তিনি জানানা, চোখে না দেখলে বুঝতে পারা যাবে না কেমন ভয়াবহ অবস্থা। দুর্গত মানুষের তাৎক্ষণিক প্রয়োজনের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনেও সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য সামর্থ্যবান ও মানবিক হৃদয়ের মানুষদের সহযোগিতার আহ্বান জানান তিনি।