প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী এক বছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন জেলা সফর করছেন। ইতোমধ্যে প্রতিটি জেলায় একাধিক হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এসব পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন হবে। এসব নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের অবস্থান ও জনপ্রিয়তা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। স্থানীয় নেতাদের কাছ থেকেও এ বিষয়ে প্রতিবেদন নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবেন, দলের সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন করা হবে। তবে নির্বাচনে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা নেই—এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না।