রাজধানীর পল্লবীতে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা ও পরে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা পল্লবী থানা ঘেরাওয়ের পাশাপাশি মিরপুর-১০ এলাকায় সড়ক অবরোধও করেন।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবী থানার সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১০-এর ওয়াপদা বিল্ডিং-সংলগ্ন থার্টিন হার্টস ক্যাম্পের ৩০ থেকে ৩৫ জন বাসিন্দা থানার সামনে জড়ো হন।
বিক্ষোভকারীদের অভিযোগ, একই এলাকার বাসিন্দা মো. আনোয়ার (৫০) ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা চালায় বলেও দাবি করেন তারা।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। একই সঙ্গে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
একই দাবিতে শনিবার বিকেলে স্থানীয়রা রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করেন। বিক্ষোভকারীরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।