দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম চালু হবে।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, দেশে নতুন করে অপরিশোধিত তেলের একটি চালান পৌঁছেছে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলে বিকেল ৫টার পর থেকে পরিশোধন কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে প্রতিদিন প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন সীমিত রাখা হলেও পরবর্তীতে ধাপে ধাপে তা বাড়ানো হবে।”
কর্তৃপক্ষ আরও জানায়, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।”
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, “পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।”
রিফাইনারি সূত্রে জানা গেছে, “বর্তমানে মজুত থাকা অপরিশোধিত তেল দিয়ে প্রায় ২০ থেকে ২৫ দিন উৎপাদন চালিয়ে নেয়া সম্ভব হবে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি তেলের চালান দেশে পৌঁছাতে পারে।”
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌদি আরব থেকে আগামী ১০ থেকে ১২ মে’র মধ্যে নতুন চালান লোডিং সম্পন্ন হলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের সংকট তৈরি হবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।