হৃদরোগের চিকিৎসার ফলোআপের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
এ সফরের জন্য তিনি ইতোমধ্যে সরকারের অনুমতি পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকবেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা হবে।
সফর শেষে আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে তার। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।