রাজধানী ঢাকার ফুটপাত দখল করে বসা হকারদের সুশৃঙ্খলভাবে পুনর্বাসনের লক্ষ্যে ছয়টি খোলা মাঠে অস্থায়ী বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (২৫ এপ্রিল) গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, নির্ধারিত এসব স্থানে নিবন্ধনের মাধ্যমে হকারদের ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে।
তিনি জানান, পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে হকারদের অস্থায়ী কাঠামো—যেমন চৌকি বা ট্রলি ব্যবহার করতে হবে এবং প্রতিদিন ব্যবসা শেষে সেগুলো সরিয়ে ফেলতে হবে। এতে করে জায়গাগুলো স্থায়ীভাবে দখল হয়ে থাকবে না এবং শৃঙ্খলা বজায় থাকবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, বর্তমানে ফুটপাতে হকারের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। আগে যেখানে প্রায় ২০০ জন হকার ছিল, এখন সেই সংখ্যা বেড়ে প্রায় ২ হাজারে পৌঁছেছে। এর ফলে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে, এমনকি জরুরি সেবাও বাধার মুখে পড়ছে।
তিনি উল্লেখ করেন, অল্পসংখ্যক মানুষের সুবিধার জন্য বিপুল সংখ্যক নগরবাসী ভোগান্তির শিকার হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে পড়েছে।
নগর পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ঢাকার উন্নয়নে দীর্ঘমেয়াদি কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে। বেশিরভাগ উদ্যোগই সাময়িক হওয়ায় স্থায়ী সমাধান আসছে না।
তিনি আরও জানান, টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিটি করপোরেশন, ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাসহ সংশ্লিষ্ট সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে সমন্বিত কাঠামোর আওতায় আনা প্রয়োজন।
এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, সব নগর সেবাকে এক প্ল্যাটফর্মে আনা গেলে সমন্বয় বাড়বে এবং সেবার মান উন্নত হবে। তথ্যের অভাবে অনেক সময় উন্নয়ন পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, রাজধানীর যানজট কমাতে পার্কিং সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি পূর্বাচল প্রকল্পকে সক্রিয় করার পরিকল্পনাও চলছে।