দেশে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো পর্যায়ে ডিজেল ও পেট্রোলের বরাদ্দ ১০ শতাংশ এবং অকটেনের বরাদ্দ ২০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
রোববার (১৯ এপ্রিল) রাতে বিপিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে এই বর্ধিত হারে জ্বালানি তেল বরাদ্দ কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি ও চাহিদার প্রেক্ষাপটে ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিসির অধীনস্থ কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, নতুন হার অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে।
এর আগে বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাবে শনিবার (১৮ এপ্রিল) দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। রোববার থেকে কার্যকর হওয়া নতুন মূল্য অনুযায়ী ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই বরাদ্দ বৃদ্ধির ফলে ডিপো পর্যায়ে সরবরাহ কিছুটা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন, যা বাজারে জ্বালানি সংকট কমাতে সহায়ক হতে পারে।