আগুনে পুড়ছে তেলবাহী জাহাজ ‘বাংলার সৌরভ’।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী ‘বাংলার সৌরভ’ নামের জাহাজে আগুন লেগেছে। এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় তেলবাহী দ্বিতীয় জাহাজে আগুন লাগার ঘটনা এটি।
এ ঘটনায় ২০ নাবিককে উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাংলার সৌরভে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় টহলরত কোস্টগার্ডের স্পিডবোট “মেটাল শার্ক”-কে সেখানে পাঠানো হয়। এখন পর্যন্ত ২০ নাবিককে উদ্ধার করা হয়েছে।’
আগুন নেভাতে ইতোমধ্যে কোস্টগার্ডের ফায়ার ফাইটিং টাগবোট “প্রমত্ত” রওনা দিয়েছে বলেও জানান তিনি।