দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকার প্রার্থীর নাম প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমান সংসদ সদস্যদের মধ্যে বিতর্কিত ও অজনপ্রিয় অনেকেই দলীয় মনোনয়ন তালিকা থেকে ছিটকে পড়েছেন। তবে সব ক্ষেত্রে তা ঘটেনি। নানা হিসাব-নিকাশের কারণে কোনো কোনো আসনে সমালোচিতদেরও বহাল রাখা হয়েছে। আবার নতুন করে মনোনয়ন পাওয়া কারও কারও সম্পর্কেও আছে নানা অভিযোগ। এ অবস্থায় অনেক আসনে আওয়ামী লীগ নেতারাই দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, অনেক আসনে মনোনয়নবঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও জানা গেছে।
গত ১৫ বছরে বর্তমান সরকারের আমলে যেসব সংসদ সদস্য তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন, সর্বক্ষেত্রে স্বজনপ্রীতি ও বিভেদের দেয়াল তৈরি করেছেন। তার শোধ নিতেই দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একাট্টা হচ্ছেন বঞ্চিত, নির্যাতিত ও নিপীড়িতরা। এতে নৌকার প্রার্থীদের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছে।
সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থীরা যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারেন, সেজন্য ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। আবার প্রতিটি আসনে বিকল্প প্রার্থী রাখার জন্য নৌকার প্রার্থীকে নির্দেশ দিয়েছেন তিনি। কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও তাকে স্বাগত জানানোর কথা বলেছেন। তবে মনোনয়নবঞ্চিত মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্যদের নির্বাচন বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। তাদের মধ্যে কেউ প্রার্থী হলে আজীবন বহিষ্কারের আওতায় পড়বেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত। দল দলের কৌশল ঠিক করে। অবস্থান অনুযায়ী দলের ভবিষ্যৎ মাথায় রেখে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত দেন। নতুন সময়ে নতুন কৌশলও দলকে গ্রহণ করতে হয়। এই সময়ে যে কৌশল দরকার, আমাদের নেত্রী সে কৌশলই ঠিক করেছেন এবং তার বক্তব্যে প্রকাশ করেছেন। স্বতন্ত্র প্রার্থীদের দলের পক্ষ থেকে উৎসাহিত করার কথা বলা হলেও স্বতন্ত্র প্রার্থী ফ্রি স্টাইল হবে না।’