জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদের রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে কর্মসূচি পালন করেন জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গণআন্দোলনের মাধ্যমে জামায়াত তার নিবন্ধন ও প্রতীক নিয়ে জনগণের কাছে আবার ফিরে যাবে। জামায়াতে ইসলামী তার গঠনতন্ত্রে বলেছে, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। যারা এ কথা মানে না তাদের নিবন্ধন আমাদের প্রয়োজন নেই। আমরা নিবন্ধন চায় না, ঈমান নিয়ে বাঁচতে চাই। এই ঈমান দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হেফাজত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করে ইসলামের ভিত্তিতে ন্যায় ও ইনসাফের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। জামায়াত একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক বৃহৎ ইসলামি রাজনৈতিক সংগঠন। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে অধিকাংশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে অধিকাংশ সংসদে প্রতিনিধিত্ব করেছে।
তিনি আরও বলেন, সারাদেশে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল সংখ্যক জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ ও জাতির খেদমত করেছে। এতদিন পর্যন্ত নিজেদের দলীয় ব্যানার এবং প্রতীকে নির্বাচন করতে পারলেও এই সরকার কেন হঠাৎ করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে জামায়াতের নিবন্ধন বাতিল করলো? আমরা মনে করি সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত এই কাজটি করেছে।