গানের একটি রিয়েলিটি শোর বিচারকাজ নিয়ে ব্যস্ত আছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। আরটিভির এই শো চলাকালে খবর ছড়িয়েছে, বেশ কিছুদিন আগে চুপিসারে বিয়ে করেছেন তিনি। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে লিজা বিয়ের কাজ সেরেছেন।
তবে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি এই গায়িকা। কিছু না বললেও লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সবুজকে দেখা যায়। এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও এই সবুজ খন্দকারের সঙ্গে। ফেসবুকেও লিজা আর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রে সবুজ খন্দকারকে দেখা গেছে।
২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এর ঠিক চার বছর পর ২০১২ সালের ২ মার্চ ইকবাল মাহমুদ বাবলু নামের একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার আক্দ হয় বলে শোনা যায়। যদিও লিজা প্রথম আলোকে বলেছিলেন, তাঁদের বাগদান হয়েছিল। কিন্তু পরে আর বিয়েটা করা হয়নি। ২০১৯ সালে বিয়ের প্রসঙ্গ আবার তোলা হলে তখন লিজা বলেছিলেন, ‘না না। সত্যি বলছি। আমাদের বিয়ে হয়নি। ২০১৫ সালে আমার বাগদান ভেঙে গেছে। যাঁর সঙ্গে বাগদান হয়েছিল, তিনি হয়তো এত দিনে বিয়েও করে ফেলেছেন।’ লিজার কথার সত্যতা পাওয়া গেছে, তিনি বিয়ে করেছেন, সন্তানের বাবাও হয়েছেন।
এদিকে ২০২২ সালে প্রেম ও বিয়ের প্রসঙ্গে সংবাদমাধ্যমে লিজা বলেছিলেন, ‘সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। এটুকু বলতে পারি, আমাদের বিয়ের সবকিছু রেডি। এ বছরই বিয়ে করব। করোনার প্রাদুর্ভাব কমলে বিয়ের ঘোষণা দিতে পারব। শুধু বলি, সে গানের বাইরের জগতের মানুষ। তবে পরিচয় গানের সূত্রেই।’
খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। সবুজের আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে। তারপরও একটা সময় লিজা ও সবুজ প্রেমের সম্পর্কে জড়ান। তাঁদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হন লিজা। বিনোদন অঙ্গনে লিজার ঘনিষ্ঠজনেরা লিজা ও সবুজের বিয়ের বিষয়টি অবগত। তবে লিজা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলছেন না, তাই তাঁরাও এ নিয়ে মুখ খুলছেন না।