এবারের নির্বাচন গত ১৪ ও ১৮ সালের নির্বাচনের মতো হবে না। অনেক চ্যালেঞ্জিং হবে, এই বিষয়টি মাথায় রেখে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে মনে করিয়ে দেন আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কেউ হারাতে পারবে না। এটা অতীতেও পারেনি ভবিষ্যতেও পারবে না।
শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কো-চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীসহ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহযোগী সংগঠনের নেতারা।
বৈঠকে একাধিক সূত্র থেকে জানায়,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং বিষয়। অতএব নির্বাচনকে সামনে রেখে কোন অবস্থাতেই যেন দলের মধ্যে মতানৈক্য সৃষ্টি না হয়।। এটি সবাইকে মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। অতীতেও পারেনি ভবিষ্যতেও পারবে না। এবারের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং, দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন ২০১৪ ও ১৮ সালের নির্বাচনের মতো এবার হবে না। এবার নির্বাচন অংশগ্রহণমূলক হবে। আমরা সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে চাই। সে ক্ষেত্রে বিএনপি যদি নির্বাচনে নাও আসে, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ এমন অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। তাদের মধ্য থেকে কেউ কেউ ৩০০ আসনে প্রার্থী দেবে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার কোনো সুযোগ নেই। তাই প্রত্যেক নেতাকর্মীকে এটি খেয়াল রাখতে হবে কোথাও যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জয়ী না হয়, সেটি মাথায় রাখতে হবে। আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমি ১৫টি উপকমিটি করে দিয়েছি। এই উপকমিটি তাদের যার যার কাজগুলো শেষ করবে। উপকমিটিগুলো নিজ দায়িত্বে কাজ করলে আশা করি আমাদের সরকার গঠনে কোনো ধরনের বেগ পেতে হবে না।
এসময় নেতাকর্মীদের উদ্দেশে দলীয় প্রধান বলেন, আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে হবে। সেটি কীভাবে আনবেন আমি জানি না। আমি চাই ৪৫ থেকে ৫০ ভাগ ভোটারের উপস্থিতি। এটি আপনারা নিশ্চিত করবেন। তৃণমূল নেতাদের কাছেও এ বার্তা পৌঁছে দেবেন। আমি আগেও বলেছি, কেউ যেন বিদ্রোহী প্রার্থী না হন। তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর দলীয় মনোনয়নের ক্ষেত্রে আমি কারো মুখ দেখে দেব না। আমার কাছে সবার রিপোর্ট আছে, সেই রিপোর্টের ভিত্তিতে যারা যোগ্য তারা মনোনয়ন পাবেন। যারা মনোনয়ন পাবেন না তারা মন খারাপ করবেন না। এটা আপনাদের কর্মফল। যে যতটুকু জনগণের জন্য কাজ করেছেন, সেই অনুযায়ী ফল পাবেন। নির্বাচন সামনে রেখে নিজেদের মধ্যে রেষারেষি করা যাবে না। কারও বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনা বলেন, দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচাল করার। এ দেশের অনেকেই চায় না আওয়ামী লীগের নেতৃত্বে আরেকটি নির্বাচন হোক। আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাক। ফলে সবাইকে চোখ কান খোলা রেখে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাতে হবে। যেকোনো ষড়যন্ত্র কঠোর হাতে মোকাবিলা করতে হবে। আমাদের পেছনে ফেরার সুযোগ নেই।
এ সময় নির্বাচন পরিচালনা উপকমিটির চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে যদি সহযোগিতা করেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করতে পারব। আশা করব, সবাই আমায় সহযোগিতা করবেন। আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে নিয়ে আসব। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন নেত্রী শেখ হাসিনা। আমাদের অনেক সতর্কতার সঙ্গে নির্বাচনে কাজ করতে হবে। দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা এগিয়ে যাব।
বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর এক সদস্য গণমাধ্যমকে বলেন, আজকের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, দলে মতানৈক্য সৃষ্টি করা যাবে না, যেকোনো মূল্যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটের দিন ৪৫ থেকে ৫০ ভাগ ভোটার উপস্থিতি দেখাতে হবে। তৃণমূল নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কাজ করার নির্দেশনাও দিয়েছেন। নির্বাচন সামনে রেখে দলকে অনৈক্যের মধ্যে ফেলে না দেওয়ার বিষয়ে সতর্ক করে দেন। কেউ যেন ব্যক্তিগত দ্বন্দ্ব নির্বাচনের সামনে না আনেন, সবাইকে চোখ-কান খোলা রেখে দেশি-বিদেশি যেসব ষড়যন্ত্র চলছে, তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, নেত্রী সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যক্তিগত রেষারেষি নির্বাচন সামনে রেখে পরিহারের কথা বলেছেন। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন । বিএনপি নির্বাচনে না এলেও, নির্বাচনে ভোটার উপস্থিতি যেন নিশ্চিত হয়, সে বিষয়ে একযোগে সকল স্তরের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন।