সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়নসহ নানা ইস্যুতে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থান। এমন রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। যা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। পাস হবে তিনটি অধ্যাদেশসহ কয়েকটি বিল।
আগের তিন অধিবেশনের তুলনায় এবারের অধিবেশন হবে সংক্ষিপ্ত। তবে সময় কম হলেও আলোচনায় উত্তাপ ছড়াতে পারে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু।
বিরোধী দল বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতাসহ গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে সংসদে সোচ্চার থাকবেন তারা।
এ বিষয়ে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন স্টার নিউজকে বলেন, ‘সরকারকে আরও জবাবদিহির আওতায় আনার চেষ্টা করছি। বিভিন্ন ইস্যুতে আমরা আমাদের উদ্বেগ তুলে ধরছি। গত সংসদে আপনারা দেখেছেন, আমরা জ্বালানি বিষয়ে ২০ মিনিটের একটি প্রেজেন্টেশন দিয়েছি। বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দিচ্ছি, যাতে এই সংকট কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। প্রতিটি বিষয় ধরে ধরে আমরা সংসদে আলোচনা করছি। এর মাধ্যমে আমরা জনগণের কথা তুলে ধরার চেষ্টা করছি।’
তবে, সংবিধান সংশোধনের প্রশ্নে বিরোধী দলের জন্য আর অপেক্ষা করতে নারাজ সরকার। বিশেষ কমিটিতে বিরোধীরা না এলে, তাদের ছাড়াই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, ‘সংবিধান সংশোধনের বাইরে যাওয়ার কোনো পথ নেই। এ বিষয়েই সমঝোতা হয়েছে এবং সবাই তাতে স্বাক্ষর করেছেন। এবার আমাদের কী দোষ, তা আমি জানি না এবং খুঁজেও বের করতে পারিনি। এই কমিটি কেবল একটি সুপারিশ পেশ করবে। এরপর বিষয়টি সংসদে যাবে এবং সেখানে এর চুলচেরা বিশ্লেষণ করা হবে। বিরোধী দল তাদের মতামত অনুযায়ী প্রস্তাব দেবে। সরকারও তাদের অবস্থান তুলে ধরবে। এরপর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন পাস হবে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সংবিধান সংশোধন পাস হবে কি না, তা সংখ্যাগরিষ্ঠতার ওপর নির্ভর করবে।’
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনসংক্রান্ত সুপারিশমালা চূড়ান্ত করে আগামী জানুয়ারিতে তা সংসদে তোলার কথাও জানান চিফ হুইপ।