রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত (২২ জুন) থেকে বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন।
আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়াই এ পরিস্থিতির মূল কারণ বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাসের চাপও স্বাভাবিক হয়ে আসবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।